নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশ দূষণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের প্রায় ১,৩৫০ ছাত্রী।
সরেজমিনে দেখা গেছে, নষ্ট শাকসবজি, হোটেলের পচা খাবার, মুরগির উচ্ছিষ্টসহ বাসাবাড়ির সব ধরনের আবর্জনা বিদ্যালয়ের ঠিক সামনে ফেলা হচ্ছে। অল্প সময়েই এসব ময়লা পচে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্লাসরুমে বসা কঠিন হয়ে পড়ছে শিক্ষার্থীদের জন্য; পথচারীরাও নাক চেপে রাস্তা পার হচ্ছেন।
নবম শ্রেণির শিক্ষার্থী রুদেসা ও রিমি জানায়, প্রতিদিনই ময়লার দুর্গন্ধে ক্লাস করতে হয়, যা কয়েক মাস ধরে চলছে। অভিভাবকরাও সন্তানের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে দ্রুত ভাগাড় সরানোর দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, পৌরসভায় বারবার অভিযোগ করেও কোনো সমাধান মিলছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, ‘দুর্গন্ধের কারণে দরজা-জানালা বন্ধ করে ক্লাস নিতে হয়।এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’
এ বিষয়ে কেন্দুয়ার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, ‘কিছুদিন আগে ময়লা পরিষ্কার করা হয়েছিল, আবার জমেছে।
তিনি জানান, নতুন ইউএনও দায়িত্ব নিয়ে বিষয়টি দেখবেন। এলাকাবাসীকে সচেতন করতে প্রচার–প্রচারণা চালানো হবে এবং স্কুলের আশপাশে ময়লা ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
