এইমাত্র পাওয়া

ব্রুকের ব্যাটিংয়ে শচীনের ছাপ দেখছেন চ্যাপেল

নিজস্ব প্রতিবেদক।।

 

ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার হ্যারি ব্রুককে দেখলে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কথা মনে পড়ে—এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার গ্রেগ চ্যাপেল। শান্ত স্বভাব, কিন্তু বিধ্বংসী শট, ন্যূনতম ফুট মুভমেন্ট আর যেকোনো বল থেকেই রান নেওয়ার দক্ষতা, সব মিলিয়ে ব্রুকের ব্যাটিং চ্যাপেলকে ফিরিয়ে নিয়ে যায় শচীনের ক্যারিয়ারের শুরুর দিকে।

টেস্ট অভিষেকের পর থেকেই ব্রুক দেখাচ্ছেন দুর্দান্ত ধারাবাহিকতা। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে টানা কয়েকটি বড় ইনিংস খেলে ক্রিকেটবিশ্বের নজর কাড়েন তিনি।

বর্তমানে তার টেস্ট গড় ৫৭-এরও বেশি, যা একজন উদীয়মান ব্যাটারের জন্য অত্যন্ত প্রশংসনীয়।
ক্রিকেট ডট কম ডট এইউ-তে এক ভিডিওতে চ্যাপেল বলেন, ‘আমার কাছে হ্যারি ব্রুকই সবচেয়ে আকর্ষণীয়। তাকে টিভিতে কিছুটা দেখেছি, সামনে থেকে দেখতে চাই। তাকে দেখে মনে হয় দুর্দান্ত ব্যাটার।

তার রেকর্ডও তা-ই বলছে। সে টেস্টে এখন পর্যন্ত ৬২ গড়ে রান করেছে।’
তিনি আরো বলেন, ‘এটা ভীষণই চমকপ্রদ। টিভিতে যখন তাকে ব্যাট করতে দেখি, শচীনের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ে।

খুব কম নড়াচড়া, দারুণভাবে অ্যাঙ্গেল কাজে লাগানো, প্রায় সব বলেই রান তোলা, এমন খুব কম ডেলিভারি আছে যেগুলো থেকে সে রান নিতে পারে না। এটা বিরল প্রতিভা।।’
আগামী ২১ নভেম্বর পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলবেন ব্রুক। চিরচেনা বাউন্স ও সিম সহায়ক পিচে ইংলিশ ব্যাটারদের সবসময়ই পরীক্ষা দিতে হয়।

ব্রুক কীভাবে মানিয়ে নেন, সেটিই হবে সিরিজের অন্যতম আকর্ষণ।
চ্যাপেলের মতে, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথমবারের মতো ব্যাট করা সব ইংলিশ ব্যাটারের জন্যই কঠিন পরীক্ষা। ব্রুক এই চ্যালেঞ্জ কিভাবে সামলায়, সেটা দেখার জন্য মুখিয়ে আছি।’

 

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.