এইমাত্র পাওয়া

সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের

ঢাকাঃ প্রাথমিক স্কুলে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন। সংগঠনটি বলেছে, ‘এই সিদ্ধান্ত বাঙালিসহ বাংলাদেশে বসবাসরত সব জাতির শিক্ষা সংস্কৃতির ওপর হামলা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমাজের সব শ্রেণি-পেশার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’

আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্যসচিব রুস্তম আলী খোকন স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, শরীর ও সংস্কৃতি চর্চা ছাড়া শিশুদের মেধা মনন বিকাশ অসম্ভব। পৃথিবীর সব দেশেই শিশুদের নিজ নিজ জাতির সংস্কৃতি ও শরীর চর্চাসহ আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে পাঠদান পদ্ধতি বিরাজমান।

বাংলাদেশেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য শিক্ষাঙ্গনকে যুগোপযোগী করে সাজানোর নিমিত্তে শিক্ষা বিশেষজ্ঞগণ দীর্ঘদিন যাবৎ প্রাথমিক স্কুলগুলোকে বিশ্বমানের করার জন্য নানা পরামর্শ দিয়ে আসছে। প্রাথমিক স্কুলগুলোকে বিশ্বমানের শিক্ষাপদ্ধতিতে নিয়ে যেতে বিনা মূল্যে স্কুল ফিডিং, সংগীত ও শরীর চর্চা এ পরামর্শগুলোর মধ্যে অন্যতম।

বিবৃতিতে আরো বলা হয়, গত বছরের ২৮ আগস্ট বর্তমান সরকার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সংগীত শিক্ষক ও শরীর চর্চা নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। দুঃখজনক হলেও সত্য, ধর্মীয়-রাজনৈতিক শক্তির বিরোধিতার মুখে সরকার প্রাথমিক স্কুলে সংগীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শুরু হতেই ধর্মীয় মৌলবাদী শক্তির সাথে আপসকামিতার পথ গ্রহণ করেছে। যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

বিগত দেড় বছরে সরকার মৌলবাদী শক্তিগুলোর নিকট নতজানু হয়ে থাকার প্রবণতা জণগণের নিকট প্রতীয়মান হয়েছে। হতাশাজনক হচ্ছে, সরকারের উপদেষ্টা পরিষদে দ্বায়িত্ব পালন করা একাধিক উপদেষ্টা এই সরকারে যোগ দেওয়ার পূর্বে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে শিক্ষা বিষয়ে যেসব ধারণা ও বক্তব্য প্রদান করেছেন, এ সিদ্ধান্ত ঠিক তার বিপরীত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্বমানের শিক্ষা সংস্কৃতি চর্চা হতে দেশকে দূরে নিয়ে যাচ্ছে এবং প্রগতির পথকে রুদ্ধ করে দিচ্ছে। একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে ধাবিত করার জন্য অন্ধকার পশ্চাৎপদ ধর্মীয় শক্তির শুধু আপসই করছে না, তাদের নানাভাবে মদদ দিচ্ছে। তার পরও বাঙালি জাতির শিক্ষা সংস্কৃতির ওপর যেকোনো হামলা অতীতের ন্যায় বর্তমানেও প্রতিহত করা হবে।

সরকারের সংগীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে সমাজের সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading