বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

ঢাকাঃ জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য পূরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সংগঠনটির সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’২৪-এর জুলাই অভ্যুত্থান যে উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা নিয়ে সংঘটিত হয়েছিল, তা এখনো পূর্ণ বাস্তবায়িত হয়নি। শহীদ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হয়নি এবং তাদের নিরাপত্তা যথাযথভাবে রক্ষা করা হয়নি।

এছাড়া শহীদ ও আহতদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনও দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। সংশ্লিষ্ট ইউনিটগুলোকে পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটের কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৭ জুলাই বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা দেন রিফাত রশিদ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.