কুমিল্লা প্রতিনিধি:
“পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক এক ঐতিহাসিক সেমিনার আজ (শনিবার) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশতাক মিয়া ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নূরুল ইসলাম।

সেমিনারের আয়োজন করেন সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জনাব মনিরুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগসহ রাষ্ট্রের সব উইংয়ের উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণকে এমন একটি যুগোপযোগী রাষ্ট্র উপহার দিতে চায়, যেখানে দুর্নীতি, অনাচার ও অবিচার থাকবে না।”
তিনি আরও বলেন, “এই লক্ষ্য পূরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন—জনগণের রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন।”
সেমিনারে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ‘নতুন প্রজন্মের প্রত্যাশা ও জাতীয় পুনর্গঠনের রূপরেখা’ শীর্ষক আলোচনায় অংশ নেন তরুণ বক্তারাও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
