এইমাত্র পাওয়া

বুয়েটে ভর্তিতে থাকছে না বাছাই পরীক্ষা, ন্যূনতম যোগ্যতা জিপিএ-৫

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বাছাই পর্ব থাকছে না। ফলে সফলভাবে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে আবেদন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। একই সঙ্গে পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জলিল বলেন, এবার বাছাই পরীক্ষা থাকছে না। ফলে দুই ধাপে নয়, সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি ধাপেই এ পরীক্ষা সম্পন্ন করা হবে। কেবল লিখিত পরীক্ষাটি হবে। তবে পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকছে।

জিপিএ-৫ ছাড়া আবেদন নয়
অন্যান্য বছরের তুলনায় এবার এইচএসসির ফলাফল ছিল নিম্নমুখী। এই পরিস্থিতিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কমানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জলিল বলেন, ‘ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছেন। আমাদের আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। এইচএসসি বা আলিমে জিপিএ-৫ পাওয়া লাগবেই। পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে, যেটি আগেও ছিল।’

ভর্তির আবেদন কবে
ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। এটি তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগির পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন নেওয়ার পর ১০ জানুয়ারি ভর্তির চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.