ঢাকাঃ নন-এমপিও ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নন-এমপিও ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতিবাদে রাজপথে নেমেছেন। তাদের দাবি, দ্রুত এমপিওভুক্তির আওতায় আনা, ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা প্রদান এবং মানবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করা।
ঐক্যজোট মনে করে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষককে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সুরক্ষা দেওয়া হবে। অথচ নন-এমপিও ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বছরের পর বছর অমানবিক কষ্টে জীবন যাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে তাদের আন্দোলনকে অবহেলার চোখে দেখা হচ্ছে। এটি শুধু শিক্ষকদের প্রতি নয়, গোটা শিক্ষাব্যবস্থার প্রতি এক ধরনের অবমাননা।
এই প্রেক্ষাপটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ঘোষণা করেছে যে তারা নন-এমপিও ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম ও সংহতি প্রকাশ করছে। প্রয়োজনে তারা মাঠে ও রাজপথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
সংগঠনটি সরকারের প্রতি ৪ দফা দাবি জানিয়েছে :
১. অবিলম্বে নন-এমপিও ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা।
২. বকেয়া ভাতা ও সম্মানী প্রদানের ব্যবস্থা করা। ৩. শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন করা।
৪. জাতীয় শিক্ষানীতিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষার মর্যাদা নিশ্চিত করা।
বিজ্ঞপ্তির শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষকদের মুখে হাসি ফিরলে শিক্ষার মানও উন্নত হবে। তাই সরকারের প্রতি আহ্বান— দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়ে এই অচলাবস্থা দূর করুন।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
