এইমাত্র পাওয়া

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ আজ সন্ধ্যায়

ঢাকাঃ ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষার ফল আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশের কথা রয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৪৯তম বিসিএসের ফল আজ প্রকাশ হতে পারে। এ নিয়ে সব প্রস্তুতি প্রায় শেষ।

পিএসসি সূত্র জানিয়েছে, ফল প্রকাশের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজই ফল প্রকাশ করা হবে।

গত ১০ অক্টোবর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা শুধু ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয়।

এই বিসিএসে অংশ নিতে মোট আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। তবে পরীক্ষায় ঠিক কতজন অংশগ্রহণ করেছেন, সে তথ্য এখনো জানায়নি পিএসসি।

৪৯তম এই বিশেষ বিসিএস ছিল চিকিৎসকদের জন্য নির্ধারিত। করোনাভাইরাস পরবর্তী সময়ে জনস্বাস্থ্য খাতে শূন্যপদ পূরণে এ বিসিএস আয়োজন করা হয়। ফলে এ পরীক্ষার ফল এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে প্রার্থীদের মধ্যে চরম আগ্রহ ও উদ্বেগ রয়েছে।

পরীক্ষার্থীরা ফল জানতে পারবে পিএসসির (www.bpsc.gov.bd) ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.