নিউজ ডেস্ক।।
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। নতুন কর্মসূচি অনুযায়ী, ১৪ই অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ই অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন করবে এ দুই দল।
রোববার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘোষিত ৫ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে এসব দাবিতে দুই দফা কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ সমমনা সাতটি দল। দ্বিতীয় দফা কর্মসূচি ছিল দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। যা গতকাল শেষ হয়।
নতুন কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ই অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ই অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ই অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।
তিনি বলেন, সরকার এখন পর্যন্ত দাবিগুলো মেনে না নেয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ই অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।
যাত্রাবাড়ী মোড়, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, আমি ঢাকাবাসীসহ সারা দেশের জনগণ এবং জামায়াতের সব জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।
অনুরূপ কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন। দলের জরুরি বৈঠক শেষে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
