এইমাত্র পাওয়া

সোনাইমুড়ীতে জরাজীর্ণ রাস্তা, শিক্ষার্থী-পথচারীদের দুর্ভোগ চরমে

নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসের যাতায়াতের রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষায় কাদা-পানিতে কর্দমাক্ত হয়ে পড়ছে। ফলে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া হয়ে উঠছে শিক্ষার্থীদের জন্য দুঃসাধ্য।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা জানান, নোয়াখালী- ঢাকা মহাসড়ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে

বজরা শাহী মসজিদ হয়ে ভাঙা ও কাঁচা রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে আসতে গিয়ে শিশুরা প্রায়ই পিছলে পড়ে আহত হয়। এতে অনেকেই ভয়ে স্কুলে যাওয়া কমিয়ে দিয়েছে, যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে উপস্থিতিও কমে গেছে। অপরদিকে উপজেলার বজরা ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের পথও এ রাস্তাটি। জমির মালিকরা সেবা নিতে ভূমি অফিসে যেতে হিমশিম পোহাতে হয়।

স্থানীয়রা মনে করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব। তাই তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

বজরা ভূমি অফিসে আসা কয়েকজন সেবা গ্রহীতা জানান, ভূমি অফিসে গাড়ি নিয়ে আসা যাওয়া যায় না। প্রায় আধা কিলোমিটার দূরে রিক্সা ও মোটরসাইকেল রেখে লোকজন ভূমি অফিসে আসতে হয়। এই সমস্যা তারা দীর্ঘ বছর ধরেই দেখে আসছেন।

অভিভাবক মাকসুদ আলম করে জানান, বিগত সময়ে এখানকার জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তাটি মেরামত করতে। কিন্তু করেনি। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ভূমি অফিস রয়েছে। বিভিন্ন সরকারি কর্মকর্তারাও এসে দেখে যান। কিন্তু মেরামত করে না। এতে ক্রমান্বয়ে আরো ভোগান্তি বেড়েছে। রাস্তার দুই পাশেই পুকুর রয়েছে। রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে।

সোনাইমুড়ীর বজরা ভূমি অফিসের তহসিলদার জহির উদ্দিন জানান, এই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। আবার এই রাস্তা ভূমি অফিসের যাতায়াতের পথ। দুই গ্রামের বাসিন্দারা চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বেড়ে যায়। তিনি কয়েকবার উপজেলা প্রশাসনের কাছে সড়কটি মেরামত করতে চিঠি দিলেও কোন সুফল পাননি।

বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইফুল ইসলাম জানান, সড়কটি একেবারেই জরাজীর্ণ। স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসতে সমস্যা হচ্ছে। বর্ষার সময় তারা পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়ে যায়। তিনি দ্রুত এ রাস্তাটি মেরামত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামত উল্লাহ বলেন, এই সড়কটি সংস্কার করা অতীব জরুরী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন নজর দিলেই হয়ে যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.