নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মবিরতি

ঢাকাঃ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ির সাংবাদিকরা।

বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, মনের মত সংবাদ পরিবেশন করা না হলে, দুষ্কৃতিকারীরা সংবাদকর্মীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, মিথ্যা প্রচার, এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন।

তারা জানান, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরে সাম্প্রদায়িক সহিংসতার সময় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়েন। সে সময় উভয় পক্ষের হামলার শিকার হন সংবাদকর্মীরা। এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট (শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগের দিন) সাংবাদিকরা চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন। জুলাইয়ে সংঘটিত রাজনৈতিক অস্থিরতার সময়ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা হয়। ২০২৪ সালের ১ অক্টোবর সদর উপজেলায় এক শিক্ষক হত্যাকাণ্ড-পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতিতেও সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে প্রশাসনের অবহেলা ও নিষ্ক্রিয়তা রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হুমকি ও হামলা অগ্রহণযোগ্য।

তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জ্যেষ্ঠ সহসভাপতি মো. জহুরুল আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং জিটিভির জেলা প্রতিনিধি হ্ল্যাপ্রু মারমা প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.