এইমাত্র পাওয়া

আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি

ঢাকাঃ বাংলাদেশের মতো শিক্ষকদের এত নিম্ন বেতন কাঠামো পৃথিবীর কোথাও নেই। শিক্ষকদের মর্যাদা আশপাশের দেশের তুলনায় তলানিতে অবস্থান করছে। তাই শিক্ষকদের মর্যাদা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন সরকারের কাছে আগামী বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি উঠেছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকম সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরিচালনা কমিটি না রাখার দাবি তোলেন। স্কুলগুলোতে আধুনিক অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি নিশ্চিতের দাবিও ওঠে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার উপায় খোঁজার তাগিদ দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, মেধাবীদের শিক্ষকতায় আনতে হবে। শিক্ষকদের গবেষণা বাড়াতে হবে। আর এসবের জন্য শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষকদের অবশ্যই প্রথম শ্রেণির মর্যাদা দিতে হবে। তারা শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের দাবি তোলেন।

বলেন, শিক্ষাখাতকে অবহেলায় রাখলে সামগ্রিক বিকাশ ব্যাহত হবে। শিক্ষাকে অবহেলায় রেখে কোনো রাষ্ট্র ভালো কোনো জায়গায় যেতে পারে না। বিগত সরকার কোয়ানটিটি বাড়াতে গিয়ে কোয়ালিটির দিকে নজর দেয়নি। আমাদেরকে কোয়ালিটিতে গুরুত্ব দিতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জমসেদ আলম। স্বাগত বক্তব্য দেন দৈনিক শিক্ষাডটকমের উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান। আরো বক্তব্য দেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সমন্বয়ক ওমর ফারুক, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর আল-আমীন, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, বরগুনা সদরের লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক নাছিমা বেগম, তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.