পটুয়াখালীঃ শিক্ষককে ভালোবেসে প্রাক্তন শিক্ষার্থীরা উপহার দিলেন একটি পাকা ঘর। বাউফলের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমল কুমার দত্তকে (৮৫) এই ঘর উপহার দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।
অমল কুমার দত্ত ছিলেন বিদ্যালয়ের সবার প্রিয় শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজের উপার্জনের টাকা দিয়ে কখনো ভালো একটি ঘর নির্মাণ করতে পারেননি। বহু বছর ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন তিনি।
তার এই অসহায় অবস্থা দেখে প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসেন। ভালোবাসার নিদর্শন হিসেবে তারা মিলে একটি পাকা ঘর নির্মাণ করে দেন।
জানা গেছে, অমল কুমার দত্ত ১৯৭০ সালে কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং টানা ৪১ বছর শিক্ষকতা শেষে ২০১১ সালে অবসরে যান। অবসরের পর তিনি একাকী জীবনযাপন করছিলেন।
ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত অমল কুমার দত্ত বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাদের উপহারের এ ঘর আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ছাত্রদের সঙ্গে পড়াশোনার পাশাপাশি সবসময় আনন্দ ভাগ করে নিয়েছি, কখনো কাউকে অবহেলা করিনি।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাজাহান ফরাজী বলেন, “শিক্ষক ছিলেন সবার ঊর্ধ্বে। স্কুল জীবনের শিক্ষকের প্রতি মর্যাদার নিদর্শন হিসেবেই আমরা অমল স্যারের জন্য ঘর নির্মাণ করেছি। অনেক কিছু টাকার বিনিময়ে শোধ করা যায়, কিন্তু শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না। অমল স্যার কখনো আমাদের কাছে কিছু চাননি। কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের সবার সহযোগিতায় আজ আমরা স্যারকে বসবাসের জন্য একটি ঘর উপহার দিতে পেরে অত্যন্ত আনন্দিত। স্যারকে যখন আমরা ঝুপড়ি ঘরে থাকতে দেখেছি, তখনই ভেবেছি এটা আমাদের দায়িত্ব।”
বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, “বর্তমানে শিক্ষকদের প্রতি ছাত্রদের সম্মান অনেকটাই কমে গেছে। তবে আমাদের এই উদ্যোগ দেখে বর্তমান শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে। শিক্ষকদের প্রতি ছাত্রদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান থাকে, এটা তারই প্রকাশ।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
