অপরাধ করলেও চাকরিচ্যুত হবেন না সরকারি চাকরিজীবীরা!

সরকারি চাকরিজীবীদের মধ্যে কারো কোনো ফৌজদারি অপরাধে এক বছরের সাজা হলে তাকে চাকরিচ্যুত করার বিধান বাতিল চেয়ে সাত সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ আজ বৃহস্পতিবার এ নোটিশ পাঠিয়েছেন।  

নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪২ ধারা বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে বলা হয়েছে। রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, আইন মন্ত্রণালয়ের দুইজন এবং সংসদ সচিবালয়ের সচিবকে নোটিশ পাঠানো হয়েছে।

  নোটিশে বলা হয়েছে, আদালত অবমাননা একটি ফৌজদারি অপরাধ। প্রচলিত আদালত অবমাননা আইনের সর্বোচ্চ শাস্তি ৬ মাস। আদালত অবমাননার জন্য কারো ৬ মাস সাজা হলে তাকে চাকরিচ্যুত করা যেতো। এনিয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে। কিন্তু ২০১৮ সালে করা আইনে শাস্তির মেয়াদ ছয় মাসের পরিবর্তে এক বছর করা হয়েছে। আদালত অবমাননার আইনকে অকার্যকর করতেই এক বছর করা হয়েছে। সুতরাং এই আইন বাতিল করতে হবে।  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.