ঢাকাঃ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ডিসিইউ) গঠনের অংশ হিসেবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘কলেজ কেন বিশ্ববিদ্যালয় হবে?’, ‘নারী শিক্ষা সংকোচন চলবে না’, ‘বিশ্ববিদ্যালয় মানি না, মানবো না’, ‘দালাল কারা? কলেজ বিক্রি করছে যারা’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-এর আওতায় বদরুন্নেসা কলেজকে অন্তর্ভুক্ত করা হলে বর্তমানে অধ্যয়নরত প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২০০ জনের জন্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ থাকবে। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে কলেজটিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সীট সংখ্যা হ্রাস পাবে এবং যৌথ অবকাঠামো ব্যবহারের ফলে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হবে। বিশেষ করে মেয়েদের জন্য উপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগম বদরুন্নেসার যে পরিচয়, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
নারী শিক্ষার একটি ঐতিহ্যবাহী ও নিরাপদ পরিবেশকে রাতারাতি হাইব্রিড বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলে শিক্ষার মান, নিরাপত্তা ও সুযোগ—সবই সংকুচিত হবে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে ৫ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
দাবিগুলো হলো:
১. বদরুন্নেসা কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর অংশ না করা
২. নতুন বিশ্ববিদ্যালয় আলাদা জায়গায় স্থাপন
৩. হাইব্রিড মডেল বাতিল
৪. উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় একসাথে না চালানো
৫. কলেজের অবকাঠামো, হোস্টেল ও পরিবহনব্যবস্থা উন্নয়ন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন— দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
