চবি শিক্ষার্থীদের ওপর হা ম লা য় জড়িতদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের প্রায় ৬০ ঘণ্টা পরে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলায় বাদি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ৯৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান আব্দুর রহিম। মামলায় আরো এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অন্যদিকে, রোববার (৩১ আগস্ট) সংঘর্ষের দিন নিরাপত্তা দফতরের অস্ত্রাগার থেকে দেশীয় অস্ত্র লুণ্ঠনের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার হোসেনও বিষয়টি নিশ্চিত করেন। মামলা দায়েরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের পর অস্ত্র ফেরত আসতে শুরু করে বলে জানা যায়।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এক নারী শিক্ষার্থীকে ভাড়া বাসার দারোয়ান হেনস্থা করেন এমন অভিযোগে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাতভর সংঘর্ষের পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনার জের ধরে পরদিন (রবিবার) সকাল সাড়ে ১১ টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের সূত্রে জানা যায়, এ ঘটনায় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় একজন শিক্ষার্থীকে। এখন পর্যন্ত আইসিউতে আছেন দুই শিক্ষার্থী।

মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী ও এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.