শিক্ষাবার্তা ডেস্ক।।
বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনালের সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাজেদুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন।
সম্প্রতি রাজধানীর পশ্চিম ধানমণ্ডি আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র শিক্ষক নেতা ও কেন্দ্রীয় সহসভাপতি মো. বুলবুল আহমেদ।
তিনি সোনারগাঁও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও সাম্প্রতিক জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত নেতারা বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে চলমান বিভাজনমূলক দাবি প্রসঙ্গে মতামত জানান।
তারা জানান বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবি অযৌক্তিক, বিভ্রান্তিকর এবং রাষ্ট্র ও সমাজকে বেকায়দায় ফেলার একটি অপচেষ্টা। সমিতি এ ধরনের প্রপাগান্ডা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের তীব্র নিন্দা জানায়।
সাংগঠনিক আলোচনায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের শিক্ষক-প্রতিনিধি ও ট্রেড ইনস্ট্রাক্টররা অংশ নেন। এসময় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম, নুরুল হুদা সিদ্দিকী জুয়েল, মো. কামরুজ্জামান, মো. শহিদুল ইসলাম, শাহজালাল, আব্দুর রহিম ও ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেনসহ অনেকে।
বক্তারা সমিতির যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরেন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সাজেদুল আলম বলেন, ‘বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং আমাদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফরম। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, ইনশাল্লাহ। এ জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিনও তার বক্তব্যে সংগঠনের সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি মো. বুলবুল আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ট্রেড ইন্সট্রাক্টরদের পেশাগত সমস্যা সমাধান, মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
