চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম হাবিব উল্লাহ মিজবাহ। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা রাতেই চবির শাহজালাল হলে প্রভোস্টের কার্যালয়ে তালা দেন। এরপর আজ সকাল সাড়ে ১০টায় তারা ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে হল প্রভোস্টের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
আহত শিক্ষার্থী হাবিবুল্লাহ মিসবাহ বলেন, ‘রাতে পড়াশোনা করার সময় হঠাৎ একহাত সমান একটি পলেস্তারা আমার ঘাড়ে পড়ে। পরে আমি উঠে দাঁড়ালে আরেকটি বড় টুকরো চেয়ারে পড়ে যায়। এগুলো ইটের মতো শক্ত ছিল। এতে আমার ঘাড় ফুলে যায় এবং তীব্র ব্যথা হয়। আমি তাৎক্ষণিকভাবে পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমার রুমের জানালায় কোনো রড নেই, কাঠ দিয়ে আপাতত আটকানো আছে।’
তিনি আরও বলেন, আজ আমরা হল সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছি। প্রভোস্ট আমাদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে শাহজালাল হলের অবকাঠামোগত সমস্যা সমাধান না হওয়ায় তারা নানা ধরনের ঝুঁকিতে বসবাস করছেন। দ্রুত সংস্কারের কার্যকর পদক্ষেপ না নিলে তারা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
হল প্রশাসনও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান বলেন, ‘হলের পক্ষ থেকে শিক্ষার্থীদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে এবং তারাও আমাদের অবস্থান বুঝতে পেরেছে। আমাদের আওতায় থাকা কাজগুলো দ্রুত সমাধান করা হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতায় থাকা সংস্কারকাজের বিষয়ে আমরা চিঠি পাঠাবো, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া যায়।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল