নিউজ ডেস্ক।।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচন সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে।
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্র্যাব নাইট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, “জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন। স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, মনোবল ভেঙে পড়েছিল। কিন্তু আমরা সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল পুনরুদ্ধার করেছি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।”
তিনি আরও বলেন, “ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজ প্রায় একই ধরনের—পারস্পরিক সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়। ডিএমপি সবসময় ক্র্যাবের পাশে আছে এবং আমিও ব্যক্তিগতভাবে যতটা সম্ভব পাশে থাকব।”
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ২০২৪ সালের ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নেতাদের ও নতুন কমিটির নেতাদেরও সম্মাননা দেওয়া হয়। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্যদের সন্তানদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আসিফ আকবর, জ্যোতি ও তরুণ মুন্সী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবুসহ সংগঠনের অন্যান্য নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
