এইমাত্র পাওয়া

‘প্রধান সমন্বয়কারী অযোগ্য’, একযোগে পদত্যাগ করলেন ১৫ এনসিপি নেতা-কর্মী

শেরপুরঃ শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৫ জন নেতা-কর্মী। তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারীকে অযোগ্য ও অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতা-কর্মীরা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নকলা উপজেলা সমন্বয় কমিটিকে তারা ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করছেন।

পদত্যাগকারী নেতা-কর্মীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য রয়েছেন। যুগ্ম সমন্বয়কারীরা হলেন মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। অন্যদিকে সদস্যরা হলেন দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এই অবস্থায় আমরা আত্মবিশ্লেষণের পর স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বকারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, ‘পদত্যাগের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিভাগীয় কমিটির সঙ্গেও কথা হয়েছে। জেলা কমিটি বসে বিষয়টি মূল্যায়ন করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট নকলা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading