নিউজ ডেস্ক।।
কাপ্তাই হ্রদে পানি আবারো বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাঁধের জলকপাট মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টায় ৬ ইঞ্চি খুলে দেয়া হবে।
পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েক দিন ধরে কাপ্তাই হ্রদের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় হ্রদের পানির উচ্চতা বেড়ে গেছে। পানি বিপৎসীমা অতিক্রম করায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি উচ্চতায় খুলে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হবে।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.২৫ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
হ্রদের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় গত ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয়া হয়। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কয়েক দফায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খুলে দেওয়া হয়। পানি বিপৎসীমার নিচে চলে আসায় সাতদিন পর গত ১২ আগস্ট সকাল ৯টায় জলকপাট বন্ধ করে দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
