এইমাত্র পাওয়া

সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১০০

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সহকারী জজ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টাদশ বিজেএসসিতে পদ সংখ্যা ১০০টি। সোমবার (১৮ আগস্ট) বিজেএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ.জি.এম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধি অনুযায়ী পদ কমতে বা বাড়তে পারে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আবেদন শেষে প্রাথমিক পরীক্ষা ২০২৫ সালের অক্টোবরের শেষ ভাগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় জানানো হবে।

পরীক্ষার ধরন ও পাস নম্বর

প্রাথমিক পরীক্ষা: সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকউ (MCQ–Multiple Choice Question) পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় (Preliminary Examination) অবতীর্ণ হতে হবে। এ পরীক্ষায় মোট ১০০টি থাকবে। প্রতিটি এমসিকউয়ের মান হবে ১ (এক) নম্বর। তবে প্রতিটি এমসিকিউয়ের ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কর্তন করা হবে।

সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্‌–যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রাথমিক পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের ওপর প্রশ্ন করা হবে।

প্রাথমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা–সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

লিখিত পরীক্ষা: ১৮শ বিজেএস পরীক্ষা–২০২৫–এ ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, শুধু তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষার বিষয়সমূহে গড়ে ৫০ শতাংশ নম্বর পেলে একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য হবেন।

কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৪–১৭ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০। এ–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামীয় পুস্তিকার ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

আবেদনের বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ১২০০ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি জমাদানের শেষ দিন ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট।

বেতন: ৩০,৯৩৫–৬৪,৪৩০ টাকা।

সুযোগ–সুবিধা: ২০১৬ সালে বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত অন্য সুবিধাও পাবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট bdjs.gov.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

শিক্ষাবার্তা /এ/২০/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.