এইমাত্র পাওয়া

১৫ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটিতে অনির্দিষ্টকালের ‘শাটডাউন’

ফেনীঃ স্থায়ী ক্যাম্পাসসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন বেসরকারি ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়টির পুলিশ লাইন্স সংলগ্ন ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করছেন। তারা জানান, দীর্ঘদিন আগে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট ১৫টি দাবি পেশ করা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থায়ী ক্যাম্পাস স্থাপন।

শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়া সম্ভব না হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ফেনী ইউনিভার্সিটিকে ‘রেড লিস্টে’ অন্তর্ভুক্ত করতে পারে। এতে তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- নিজস্ব বাস সার্ভিস চালু; লাইব্রেরিতে পর্যাপ্ত বই সংযোজন; মুট কোর্ট রুম স্থাপন; ছাত্র সংসদ গঠন; ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ; রেজিস্ট্রেশনে জরিমানা বাতিল; পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ

আইন বিভাগের শিক্ষার্থী আদনান আরাফাত বলেন, এক বছরের বেশি সময় ধরে আমরা দাবি জানিয়ে আসছি। স্থায়ী ক্যাম্পাস নিয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অথচ ইউজিসি ডিসেম্বরের সময়সীমা দিয়েছে। তাই আমরা বাধ্য হয়ে শাটডাউন ডেকেছি।”

আরেক শিক্ষার্থী ইমন শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব।

এ বিষয়ে ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য আগের জমি নিয়ে মামলা চলমান। তবে নতুন জমি কেনা হয়েছে, সেখানে নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে ক্যাম্পাসে ডেকেছেন, তিনি আগামী শুক্রবার আসবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হলেও শিক্ষার্থীরা শাটডাউনে গেছেন।

২০২৩ সালের ১৩ আগস্ট প্রথমবার ১৫ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। এরপর ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি এবং ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি আবারো একই দাবিতে আন্দোলনে নামে তারা। দাবি বাস্তবায়নের বারবার আশ্বাস মিললেও কার্যকর কোনো অগ্রগতি না থাকায় এবার চূড়ান্ত কর্মসূচি হিসেবে শাটডাউন ডেকেছে তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.