জাতীয়করণ ইন্টেরিম গভমেন্ট করতে পারবে না: শিক্ষা উপদেষ্টা

ঢাকা: জাতীয়করণের দাবি নাকচ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দাবির প্রতি প্রাথমিকভাবে একমত প্রকাশ করেছেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না। কারণ, জাতীয়করণ একটি কঠিন বিষয়। এটি ইন্টেরিম গভমেন্ট করতে পারবে না। জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলে সরকার বিবেচনা করবে। এ সময় শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক দাবি করে ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন উপদেষ্টা। সভা সূত্রের একাধিক শিক্ষক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সভায় বদলি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে। সূত্রের তথ্য, ইতোমধ্যে বদলি ইস্যুতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে। এটা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়; যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া টাকা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হবে। একটি সূত্র জানায়, সভায় শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া জন্য প্রাথমিক পাওয়া গেছে। ধীরে ধীরা তা বাস্তবায়ন হবে বলে জানায় ওই সূত্রটি। ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.