খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি, অশালীন আচরণ এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) অফিস শেষে অভিযোগটি জমা হয়। রোববার অফিস খোলার পর তা যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে পাঠানো হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতিতে অটুট। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন যে, অধ্যাপক রুবেল আনসার তাকে একাধিকবার হুমকি ও প্রস্তাব দিয়েছেন। তিনি দাবি করেন, একটি ঘটনার সময় অধ্যাপক তাকে গাড়িতে ওঠার জন্য অনুরোধ করেন এবং সেখানে তার বিরুদ্ধে অনৈতিক আচরণ করেন। অভিযোগে আরও বলা হয়, অধ্যাপক তাকে আশ্বস্ত করেন যে তার রেজাল্টও ভালো করবেন, এবং কিছু সময় পর ওই ছাত্রী দ্রুত গাড়ি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন।
অধ্যাপক রুবেল আনসার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রীর বাবার অনুরোধে আমি তার খোঁজ-খবর নিতাম। অভিযোগে যে ঘটনা বর্ণনা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানান, অভিযোগ তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ (মঙ্গলবার) থেকেই কাজ শুরু করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
