এইমাত্র পাওয়া

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি, বাড়ছে সুযোগ-সুবিধাও

নিউজ ডেস্ক।।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম আসরটি সিলেটে অনুষ্ঠিত হয়ে বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসর আয়োজনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আসর শুরুর আগে ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বোর্ড—বাড়ানো হয়েছে ম্যাচ ফি।

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্ট শুরুর আগেই বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, এবার ক্রিকেটারদের আর্থিক সুবিধা আগের চেয়ে অনেক বেশি থাকবে। তিনি বলেন, ‘সব সুযোগ-সুবিধা আমরা ভালো দিতে চাই। গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা, এবার সেটা ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধির চেষ্টা করেছি।’

বরিশাল বিভাগকে ঘিরে পূর্বের একটি নেতিবাচক ঘটনার প্রসঙ্গও টেনে আনেন আকরাম খান। তিনি বলেন, ‘আজকে নির্বাচক ও প্রতিটি বিভাগের ম্যানেজারদের ডেকেছি। বরিশাল নিয়ে একটা নেতিবাচক সংবাদ এসেছিল। আমরা আলোচনা করেছি যেন এরকম কিছু আর না ঘটে।’ জানা গেছে, বরিশাল বিভাগের খেলোয়াড়রা দলের কোচ, ম্যানেজার ও অধিনায়কের ওপর অসন্তুষ্ট ছিলেন, এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বও দেখা দিয়েছিল। বিসিবি তখনই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল।

এনসিএলের খেলোয়াড়দের সরঞ্জাম সরবরাহ নিয়েও কথা বলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা অনেক সময় অন্যান্য দলের হেলমেট পরে খেলেছে। এবার প্রত্যেক দলকেই আমরা নিজস্ব হেলমেট দিচ্ছি। পুরো টুর্নামেন্ট শৃঙ্খলার সঙ্গে করতে চাই। ক্রিকেটকে এগিয়ে নিতে হলে সবাইকে সমন্বিতভাবে সাপোর্ট করতে হবে। এই বিষয়গুলো নিয়েই আজ আলোচনা হয়েছে।’

খেলোয়াড়দের গণমাধ্যমে বক্তব্য দেওয়া নিয়েও বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন আকরাম খান। তার ভাষায়, ‘স্পন্সর প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে—ওদের কী করা উচিত, সেটা নিয়েও আলোচনা হয়েছে। খেলোয়াড়দের গণমাধ্যমে কথা বলার শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন সবকিছু সঠিকভাবে চলে এবং আন্তর্জাতিক মান বজায় থাকে। হয়তো এই বছরেই শতভাগ সম্ভব হবে না, তবে ধীরে ধীরে আমরা সেই জায়গায় পৌঁছাবো।’

বিসিবির এই উদ্যোগগুলো জাতীয় লিগের মান ও ক্রিকেটারদের পেশাদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাবার্তা /এ/০৮/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.