এইমাত্র পাওয়া

শিক্ষা উপদেষ্টা ও মাউশির দুর্নীতিবাজ কর্মকর্তার পদত্যাগে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর.আবরার ও মাউশির শোকজ বানিজ্য করে অর্থ হাতানো দূর্নীতিবাজ এক কর্মকর্তার পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। একইসঙ্গে ৩০ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়  দুর্নীতিবাজ কর্মকর্তারদের প্রত্যাহার করা এবং বৃত্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের প্রজ্ঞাপন বাতিল করে সরকারি-বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, শিক্ষা উপদেষ্টা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও উপদেষ্টা হিসেবে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি শিক্ষা উপদেষ্টা হলেও শিক্ষকদের সঙ্গে বসতে চান না। তিনি এতদিন ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ সচিব সিদ্দিক জোবায়েরকে সরাতে পারেননি। তার কথার বাইরে তিনি কোনো কাজ করতে পারতেন না।

একইসঙ্গে সচিবালয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা জয়বাংলার স্লোগান দিতো, তারাই আবার বাংলাদেশ জিন্দাবাদ বলে সক্রিয় রয়েছে। তাদের তো চাকরি-ই থাকার কথা নয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবশ্যই বদলি করতে হবে। আমরা দেখেছি টাকার নেশায় কিছু কর্মকর্তা শোকজ ও তদন্ত বানিজ্য চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বপরি এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ৩০ জুলাইয়ের মধ্যে না সরালে ১ আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে-তা হবে না। বেসরকারি সব স্কুলকেও এই সুযোগ দিতে হবে।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, আমরা দেখেছি মাউশির এক পরিচালক শোকজ ও তদন্তের নামে বাণিজ্য করছেন। জাতীয়তাবাদী চেতনার নাম ভাঙ্গিয়ে দেদারসে দুর্নীতি করছেন তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বিভিন্ন জোটের পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সব স্কুল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে একটি স্মারকলিপি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কার্যালয়ে যান শিক্ষক নেতারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.