নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা শোক প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, আজ সোমবার বেলা আনুমানিক সোয়া ১টায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে কোমলমতি অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া আরও কিছু শিক্ষার্থী অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত পৌনে আটটা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর ও ফায়ার সর্ভিস। আহতের সংখ্যা দেড় শতাধিক।

যেভাবে দুর্ঘটনা
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি সোমবার বেলা ১ টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
বিমান বিধ্বস্তে হতাহতদের সম্মানে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
