নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
সোমবার (২১ জুলাই) সন্ধায় এ শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া শোক বার্তায় বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহত শিক্ষার্থী, শিক্ষক ও বিমান বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বলে তিনি মন্তব্য করেন।”
তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের এই ঘটনা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতিই নয়, বরং জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত পৌনে আটটা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর ও ফায়ার সর্ভিস। আহতের সংখ্যা দেড় শতাধিক।
যেভাবে দুর্ঘটনা
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি সোমবার বেলা ১ টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
বিমান বিধ্বস্তে হতাহতদের সম্মানে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
