এইমাত্র পাওয়া

বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেছেন, ‘আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটাও করা হবে।’

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তার আগে তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবন ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে খোঁজখবর নেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত শোকাহত যে এই ঘটনা ঘটেছে, অনেকগুলো তরুণ প্রাণ ঝরে গেছে। এই ধরনের একটা ভয়ানক দুর্ঘটনায় আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হন, তার জন্য আমরা পরম করুণময়ের কাছে প্রার্থনা করছি।’

ঘটনা নিয়ে ‘অনেক ভুল’ তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সি আর আবরার বলেন, ‘কিছু কিছু পুরোনো ছবি, এআই জেনারেটেড ছবি, সেগুলো তারা সার্কুলেট করছেন। এগুলো চরম অন্যায়, অবিবেচনা-প্রসূত বলে আমি মনে করি। আমরা আপনাদের কাছে আপিল (আবেদন) করছি এ থেকে নিবৃত্ত থাকেন। কারণ, এর দ্বারা নানা ধরনের ভুল–বোঝাবুঝি সৃষ্টি হবে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে যাঁরা মারা গেছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের যে পরিবার–পরিজন, তাঁদের প্রতি একটা চরম অসম্মান করা হবে এবং জাতি হিসেবে নিশ্চয়ই আমাদের সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা উচিত না।’

হতাহতদের ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্তে কোনো ধরনের কমিটি গঠন করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সি আর আবরার বলেন, প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো অবশ্যই আগামী দিনের মধ্যে হবে। এগুলোর সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading