৮ কোটি টাকা ফেরত পাবেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা

ঢাকাঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। তিনি জানান, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা। সে সময় বাংলাদেশের ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনাও তুলে ধরা হয়।

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ২০২৬ সালের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.