নলছিটিতে ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি।। “শিক্ষাবার্তার প্রচেষ্টা-সবুজায়ন হবে দেশটা”এই শ্লোগান কে সামনে রেখে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর ঝালকাঠি  জেলার নলছিটি  উপজেলা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিকেল ৪ টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফলদ গাছ রোপনের মধ্য দিয়ে উপজেলায় এ কর্মসূচীর সুচনা হয়। এতে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষাবার্তা পাঠক ফোরামের সভাপতি এবং হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার খান বাদল ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।

শিক্ষাবার্তা পাঠক ফোরামের সভাপতি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব অত্যন্ত বহুমাত্রিক ও সময়োপযোগী। এটি শুধু পরিবেশ রক্ষাই নয়, মানবজীবনের অস্তিত্ব রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এটি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করে। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে। বৈশ্বিক উষ্ণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ুর ভারসাম্য রক্ষা করে।

প্রাকৃতিক বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে সহায়ক। বন্যা ও খরার প্রভাব কমায়। সবুজ পরিবেশ মানসিক প্রশান্তি দেয়। দূষণ কমিয়ে স্বাস্থ্যবান পরিবেশ সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। ফলজ, বনজ ও ঔষধি গাছ অর্থনৈতিকভাবে লাভজনক। কাঠ, ফল ও অন্যান্য পণ্য আয়ের উৎস হয়ে উঠতে পারে। শিক্ষকদের উদ্দেশে এই গুণী শিক্ষক আরো বলেন, আপনারাই জাতির আলোকবর্তিকা। আপনারা শুধু পাঠ্যপুস্তক শেখান না, শেখান মানবতা, নৈতিকতা এবং জীবনের দিকনির্দেশনা। এক একজন শিক্ষক একটি জীবন গড়ার কারিগর। আমাদের অনুরোধ, আপনি যেন প্রতিটি শিক্ষার্থীকে একজন আলাদা স্বত্বা হিসেবে দেখেন এবং তাকে নিজের সর্বোচ্চ দিয়ে পথ দেখান। আপনার আদর্শই একদিন তাদের সমাজের নেতৃত্বে পৌঁছে দেবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা শুধুমাত্র পরীক্ষায় ভাল ফল পাওয়ার উপায় নয়, বরং এটি একটি মানুষ হয়ে ওঠার পথ। কৌতূহল নিয়ে শেখো, মন দিয়ে শুনো, প্রশ্ন করো- কারণ প্রতিটি জ্ঞান তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।

নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান বলেন, “শিক্ষাবার্তা প্রতিনিয়ত দেশব্যাপী ভালো কাজ করে যাচ্ছে। আমার জেনে ভালো লাগছে যে তাদের সামাজিক সংগঠন পাঠক ফোরাম আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কাজে উদ্বুদ্ধ করছে। গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং এর গুরুত্ব অপরিসীম। গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মনও ভালো হয়।“শিক্ষাবার্তা পাঠক ফোরাম” ও সংশ্লিষ্ট সকলকে মূল্যবান বন্ধু গাছ উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান।

  “শিক্ষাবার্তা পাঠক ফোরাম”র বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত বিন-ই-আমিন বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে ।

বিদেশি গাছ বর্জন ও দেশি গাছ রোপণের ওপর গুরুত্ব দিয়ে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম”র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি।

এই সময় আরো উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক ও পাঠক ফোরামের সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সমকালের নলছিটি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ফোরকান মাহমুদ, দুলাল হোসেন তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক ননী গোপাল রায়, সহসাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য মো. কলিম উদ্দিন, জামিল হোসেন, আবদুল্লাহ আল রাজ প্রমূখ।

 উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে।

অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় লেখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com. 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.