টিএসসিতে রাজনৈতিক হ ত্যা কাণ্ডের স্কোরবোর্ড স্থাপনের ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

ঢাকাঃ গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডে সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি স্কোরবোর্ডে প্রদর্শন করা হবে বলে ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এই ঘোষণা দেন। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ‘ঋণ’ কত বাড়ছে, তা দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল সংশ্লিষ্ট নেতাকর্মীদের পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।

সমাবেশে বিন ইয়ামিন মোল্লা প্রশাসনের সমালোচনা করে বলেন, তাদের ‘মাথা খারাপ হয়ে গেছে’ এবং ‘যেদিকে ক্ষমতা, সেদিকে হাওয়া দেওয়া’ তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি পুলিশ প্রশাসনকে কোনো দল বা মতের তোয়াক্কা না করে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় তাহলে ক্ষমতায় আসলে আপনারা কি করবেন?’

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বিএনপির অরাজকতাকে উদ্দেশ্য করে বলেন, ‘জাহেলিয়াত কায়েম করে কোনো সরকার থাকতে পারেনি। ১৪০০ বছর আগে আমরা জাহেলিয়াত দেখেছি, তারা টিকতে পারেনি। আওয়ামী জাহেলিয়াত টিকতে পারেনি, এখন নব্য জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকতে পারবে না।’

তিনি বলেন, ‘একজন উপদেষ্টা বলেন তার হাত পা বাঁধা। আরে ভাই তোমার হাত পা বাঁধা হলে তুমি ভিক্ষা করো গিয়ে তোমাকে উপদেষ্টা হাত পা বাঁধার জন্য রাখা হয়নি। অনতিবিলম্বে এই হত্যার বিচার হতে হবে।’

ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মাহতাপ ইসলাম মন্তব্য করেন, ‘জুলাই আবার ফিরে আসছে। জুলাই পরবর্তী যে চাঁদাবাজদের ভারতে ফিরিয়ে দিয়েছিলাম, তারা একটি দলের ওপর ভর করে ফের ফিরে আসছে। জেনে রাখুন ধর্ষণ, চাঁদাবাজি করে বাংলাদেশের ম্যান্ডেট পাবেন না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.