ঢাকাঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
এদিন দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯০টি কেন্দ্রে ১৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৬৮ দশমিক ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ শিক্ষার্থী।
উত্তীর্ণদের সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। এ বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৬৮ শতাংশ। এরপরেই রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৩২ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৫৩ দশমিক ৮৭ শতাংশ।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
