নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
সেখানে বলা হয়, “লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।”
কর্মক্ষেত্রে অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণসহ বিভিন্ন অপরাধের দায়ে এক মাসের নোটিশে সরকারি কর্মচারীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করেছিল সরকার।
তবে কর্মচারীদের পক্ষ থেকে এ নিয়ে প্রবল আপত্তি তোলা হয়। গত একমাস ধরে সচিবালয়ে বিক্ষোভ, অবরোধসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন কর্মচারীরা।
তবে গত সপ্তাহে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে তাদের আন্দোলন স্তিমিত হয়ে যায়। কর্মচারীদের দাবি ছিল অধ্যাপদেশ পুরোপুরি প্রত্যাহার করা। তা না করে সরকার আগের অধ্যাদেশ সংশোধন করল।
বৈঠকে পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ‘জয়েন্ট কনভেনশন অন দ্য সেইফটি অব স্পেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সেইফটি অব রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট’ -এ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
