চট্টগ্রামঃ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের দাবি, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা অন্তত দুই মাস পেছাতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। এতে অনেক পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে তাঁরা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
সরেজমিনে বেলা দুইটার দিকে দেখা যায়, শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা মূল ফটক বন্ধ করে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত ছাড়া সরবেন না বলে জানান। বিক্ষোভে থাকা ইসলামিয়া কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, ‘পরীক্ষা দিতে একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে সে দায়ভার কি শিক্ষা বোর্ড নেবে? শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণ করতে হবে।’
ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মন্নান ও মোহাম্মদ দিদারুল আলম। তাঁরা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের বিষয়টি জানানোর পর তাঁরা সরে যান।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
