পাঠ্যক্রমে মাসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত ও শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান

ঢাকাঃ পাঠ্যক্রমে মাসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত ও শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বিদ্যালয়ে কাউন্সেলিং ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা, স্যানিটারি প্যাড ব্যবস্থাপনা ও নিষ্পত্তি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা, পরিবারে মাসিক নিয়ে খোলামেলা আলোচনা ও পুরুষ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত এবং সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রচারণা চালিয়ে কিশোরীদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।

মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে বুধবার (২৮ মে) রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক সচেতনতামূলক সেশনে এই সুপারিশ তুলে ধরেন তারা। ‘আসুন, সবাই মিলে গড়ি, মাসিক বান্ধব পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে পিএসডিআই কনসালট্যান্সি ও কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে ৪০০ ছাত্রীসহ অন্যান্যরা অংশ নেন।

এছাড়া প্রচার ও তথ্যবিনিময়ের মাধ্যমে এক হাজার ২০০ শিক্ষার্থীকে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়।

অনুষ্ঠানে কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম বলেন, মেয়েদের মাসিক সাধারণত ৬ষ্ঠ শ্রেণিতে থাকাকালীন শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের আন্তরিকতা ও সঠিক তথ্যের মাধ্যমে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন।

পিএসডিআই কনসালট্যান্সির পরিচালক (ব্র্যান্ড ও বিজনেস ডেভেলপমেন্ট) মো. ইসহাক ফারুকী বলেন, মাসিক জীবনের স্বাভাবিক একটি চক্র।

এটি সাধারণত কিশোরী বয়সে (১০ থেকে ১৪ বছর) শুরু হয়। একে ঘিরে ভয় বা সংকোচ নয়, প্রয়োজন সহযোগিতা ও সচেতনতা।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উন্নয়নকর্মী ডা. পারভীন আক্তার, ডা. তনিমা মিতিলদা ঘোষ, শিশু মনোবিজ্ঞানী আইরিন পারভিন তামান্না, পিএসডিআই’র কমিউনিকেশন ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মানস মিস্ত্রী ও আর্টস এন্ড কালচার ম্যানেজার তানজিমা তাবাচ্ছুম এশা।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাসিক সংক্রান্ত নানা শারীরিক ও মানসিক সমস্যা খোলামেলা ভাবে প্রকাশ করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে।

এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও হাইজিন বিষয়ক সচেতনতা তৈরি এবং মাসিক বিষয়ে চলমান সামাজিক ট্যাবু ভাঙার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিশোরীদের জন্য এক ইতিবাচক, তথ্যভিত্তিক ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.