বিভাগের নাম সংস্কারসহ ৩ দাবিতে আমরণ অনশনে রাবি শিক্ষার্থীরা

রাজশাহীঃ বিভাগের নাম সংস্কারসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের দাবি তিনটি হলো, বিভাগের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফোকলোর বিভাগের নামের সংস্কার করতে হবে, পিএসসি এবং ইউজিসিতে বিভাগের হালনাগাদ নাম যোগ করে কোড প্রদান করতে হবে এবং অ্যাকাডেমিক নিয়মানুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ের ভেতর প্রকাশ করতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না মুকি, মুক্তি মুক্তি’, ‘আমাদের দাবি আমাদের দানি, মানতে হবে মানতে হবে’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দেন।

বিভাগের শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে তারা একমত এবং গত ২০ মে বিভাগের একাডেমিক কমিটির ৪১৫ তম সভার ৮ নম্বর সিদ্ধান্তে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি রিভিউ কমিটি কাজ করছে। রিভিউ কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে ধাপ সম্পন্ন করা হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, তারা গত কয়েকদিন যাবত তাদের দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবিতে কালক্ষেপণ করলে চলবে না। কেবল তাদের দাবি মেনে নেওয়া হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

এ বিষয়ে বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী নাফিসা আঞ্জুম মৃদুলা বলেন, আমরা ফোকলোর বিভাগের নাম সংস্কার করে আধুনিক মানের একটি নাম, বিভাগটিকে পিএসসির কোডিং সিস্টেম অন্তর্ভুক্তি করণ এবং বিভাগের দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে অনশনে বসেছি। আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী নিলয় দে সরকার বলেন, বিভাগের শিক্ষকরা বলছেন আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু কবে আমাদের আন্দোলনের ফলাফল পাবো সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা কালক্ষেপণ নয় দ্রুত অফিশিয়াল সিদ্ধান্ত চাই। আমরা আমাদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়া যাবো।

জানতে চাইলে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের কাছে দাবিগুলো উপস্থাপন করেছেন।

তাদের দাবিগুলোর সঙ্গে আমরা একাত্মতা পোষণ করে যথাযথ প্রক্রিয়া গত ২০ মে একটি রিভিউ কমিটি গঠন করেছি। কমিটি এ সকল সংস্কার বিষয়ে প্রতিবেদন দিলেই আমরা অ্যাকাডেমিক কমিটির জরুরি সভায় চূড়ান্ত করব। পরে প্রক্রিয়া মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এই বিষয়টার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত থাকায় তারা যেভাবে দিনের ভেতরেই সিদ্ধান্ত চাচ্ছেন, এভাবে মেনে নেওয়া সম্ভব না।’ অনশন কর্মসূচিতে বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.