এইমাত্র পাওয়া

জবি শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাবিতে মানববন্ধন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেছেন ।

এ সময় শিক্ষার্থীরা ‘রাবি হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি পূর্ণ সংহতি জানাই’, ‘রাবি ও জবির আবাসিক সমস্যার সমাধান চাই’, ‘স্টান্ড উইথ জবি’, ‘আওয়ামী কায়দায় পুলিশি হামলা বন্ধ কর’, ‘শতভাগ আবাসিক রাজশাহী বিশ্ববিদ্যালয় চাই’, ‘রাবি প্রশাসনকে বলছি শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রনয়ন করতে হবে’, ‘৭৫৩ একরে ৩৭% আবাসিকতা কেন? জবাব চাই’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়ে মাহফুজ এখন সরকারের গোলামী করছে। সে শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে, সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলেছে। মাহফুজের এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। তাকে শুধু বোতল ছুঁড়ে মারা নয়, জুতা মারা দরকার ছিলো। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়নের দাবি জানাই ।

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জুহাইম সরকার বলেন, গত কয়েকদিন যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিদ্যমান সংকট নিরসনে আন্দোলন করে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। পাশাপাশি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট সেটা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।

উল্লেখ্য, আজ শুক্রবার (১৬ মে) পর্যন্ত টানা তিনদিন ধরে ৪ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ৪ দফা দাবি হলো— বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা; জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন এবং ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.