এইমাত্র পাওয়া

দাবি মানা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের

বরিশালঃ বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

সোমবারের মধ্যে দাবিগুলো মানা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আজ রোববার বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশের নার্সিং কলেজের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছিলেন। তবে ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

এ সময় যতোক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততোক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। এ ছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসি সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আজ আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.