শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আইএসইউতে কর্মশালা

ঢাকাঃ শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ব্যাক) এর স্ট্যান্ডার্ড গুলো জানতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ব্যাক) এর ওবিই এর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের ।

‘ট্রেনিং ওয়ার্কশপ অন ব্যাক অ্যাক্রিডিটেশন ফর একাডেমিক প্রোগ্রাম’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.