এইমাত্র পাওয়া

সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, কেন্দ্রে অভিভাবকদের ভিড়

ঢাকা: বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা শুরুর প্রথম দিনে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়।

ভিড়ের কারণে কেন্দ্রে পরীক্ষার্থী প্রবেশের ক্ষেত্রে বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে সব অভিভাবক তাদের সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে চৈত্রের এই খড়তার মধ্যেও পরীক্ষা শেষে একসঙ্গে বাড়ি ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেওড়াপাড়া থেকে সন্তানকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে এসেছেন আব্দুর রহমান খান। তিনি বলেন, মেট্রোরেলে চড়ে অল্প সময়ের মধ্যে চলে এসেছি। মেয়ে পরীক্ষা দিতে ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছে। অপেক্ষা করে সন্তানকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরবো।

বৃহস্পতিবার অর্থাৎ প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মতিঝিলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন ও ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি। প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন।

এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন ও ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি ও প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার ৩৮৫ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.