নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রাবন দাস, ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ার এবং কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আশিক ইকবাল আদর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে নকলের উপাদান সঙ্গে রাখা এবং তা থেকে দেখে লেখার দায়ে ফার্মেসি বিভাগের শ্রাবন দাস এবং মাহমুদুল হাসান রিয়াদকে সংশ্লিষ্ট পরীক্ষার পত্র বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া, মোবাইল ফোন ও নকলের উপাদান সঙ্গে রাখার অভিযোগে বিএমবি বিভাগের গোলাম সারওয়ারকে সংশ্লিষ্ট পরীক্ষার পত্র বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে কৃষি বিভাগের মো. আশিক ইকবাল আদরকে সংশ্লিষ্ট পরীক্ষার পত্র বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
