এইমাত্র পাওয়া

চার দাবিতে সারাদেশে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি ম্যাটস শিক্ষার্থীদের

ঢাকাঃ চার দফা দাবিতে দেশের মেডিকেল কলেজগুলোতে সোমবার (৩ মার্চ) থেকে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এর আগেও তারা একই কর্মসূচি পালন করেছে। তবে এবারের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। সরকারি-বেসরকারি ২১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পালন করবে।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও জেলায় জেলায় লিফলেট বিতরণ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ম্যাটস্ শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে নিয়োগ প্রকাশসহ চার দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলো। আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। জেলায় জেলায় লিফলেট বিতরণও বিক্ষোভ করা হবে।

ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই চার দাবিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছেন তারা।

দেশে ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading