হবিগঞ্জঃ পর্যাপ্ত শিক্ষক ও জনবলের অভাবে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে নানা সমস্যা। এতে করে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। শুধু প্রাথমিক বিদ্যালয়গুলোতেই নয়, জনবল সংকটের প্রভাব পড়েছে উপজেলা শিক্ষা অফিসেও। ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক ও জনবল সংকট থাকায় বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক বিদ্যালয়ে একজন বা দুইজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৩৬টি পদের মধ্যে ২৩টি এবং প্রধান শিক্ষকের ৬৫টি পদের মধ্যে ১৯টি পদ শূন্য রয়েছে। সবমিলিয়ে ৪৫ জন শিক্ষকের ঘাটতি রয়েছে। এছাড়া, উপজেলা শিক্ষা অফিসেও জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। চারজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়কের পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
মিনু মিয়া নামে এক অভিভাবক জানান, শিক্ষা অফিসের সব কাজ চলে ধীরগতিতে। তার ওপর শিশুদের পাঠদানে এমন অবস্থা নিয়ে সবাই উদ্বিগ্ন। এজন্য অনেক অভিভাবক তাদের সন্তানদের বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করাচ্ছেন।
ইজাজুল মিয়া নামে আরেকজন অভিভাবক জানান, শিক্ষক কম থাকার কারণে পর্যাপ্ত ক্লাস হচ্ছে না। যে কারণে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) হাসিবুল ইসলাম বলেন, প্রতিটি পদে জনবল থাকলে প্রতি মাসে ৪০টিরও বেশি বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব। জনবল সংকটের কারণে এখন ১৫টি বিদ্যালয়ের বেশি পরিদর্শন করা যাচ্ছে না।
আজমিরীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন সভায় প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে, এখনও জনবল নিয়োগ না হওয়ায় চারজনের কাজ একজন দিয়েই করানো হচ্ছে। এতে কর্মীদের অবমূল্যায়ন তো হচ্ছেই, একইসঙ্গে কাজের মানও কমছে। পাশাপাশি, শিক্ষক সংকটের কারণে এক বিদ্যালয়ের শিক্ষককে অন্য বিদ্যালয়ে নিয়ে পাঠদান করানো হচ্ছে। এতে করে, অন্যদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
