৭ম দিনের মতো টানা আন্দোলনে প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা।

একই নিয়োগের প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করলেও ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করেন উচ্চ আদালত।

এ রায়কে আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে অবিলম্বে যোগদান নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষকরা।

আন্দোলনকারীরা বলেন, আদালতের রায়ের বিপরীতে আপিল করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়ের সুপারিশের পরও এই রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। তাই যোগদান নিশ্চিত করার এক দফা দাবিতে এ আন্দোলন চালিয়ে যাবেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

এর আগে, গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেসক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন নিয়োগ প্রত্যাশীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.