চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। তিনি চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। 

অধ্যাপক ইলিয়াছ ১৪তম বিসিএসে যোগ দিয়ে ১৯৯৩ সালের ১৪ নভেম্বর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ জুলাই পটিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন তিনি। সর্বশেষ তিনি ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনের শর্তসমূহে বলা হয়, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন, তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন, বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন, তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন, বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন ও সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ১৪/০৫/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়। এরপর পিআরএলএ গমনের সুবিধার্থে গত ২১/০১/২০২৫ ইং তারিখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে প্রত্যাহার করে তাকে মাউশিতে ওএসডি করা হয়। অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.