নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা কোনো ধরনের রাজনীতির চর্চা ও দলাদলিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কলেজগুলোতে মব জাস্টিস তৈরি করে কলেজ অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর অপসংস্কৃতির চর্চা আর করতে দেওয়া হবে না বলেও সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৪৩ থেকে ৪৪ তম ব্যাচ) হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
জাবি উপাচার্য বলেন, ‘পিজিডি কোর্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স, আইসিটি, সফট স্কিল এবং হার্ড স্কিল, ট্রেড কোর্সসহ এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজগুলোতে এ ধরনের কোর্স অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।’
তিনি আরো বলেন, ‘কলেজ মনিটরিং এ বছর থেকে শুরু করতে যাচ্ছি এবং অধিভুক্ত সব কলেজকে জবাবদিহির আওতায় আনতে শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে অধিভুক্ত সব কলেজে নতুন বার্তা পৌঁছাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যকে সামনে রেখে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সব ধরনের উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।’
এ ছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার, কলেজ মনিটরিং এর ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
অ্যাসাইনমেন্টের নামে কলেজে এখন যা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান জানান।
তিনি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজে সম্পৃক্ততা বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
