নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার ‘অভ্র কিবোর্ড’ তৈরির সাথে যুক্ত চার নির্মাতাকেই একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মেহেদি হাসান খানের পাশাপাশি অভ্র তৈরিতে তাঁর তিন সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও বিজ্ঞান ও প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘একুশে পদক ২০২৫’ এর জন্য মনোনীত ১৪ জন্য ব্যক্তি ও ১টি দলের নাম ঘোষণা করা হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য অভ্র’র মেহেদি হাসান খানের নাম প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
তবে পরবর্তীতে মেহেদি হাসান খান এককভাবে একুশে পদক গ্রহণে অস্বীকৃতি জানালে অভ্র সফটওয়্যারটির চার নির্মাতাকেই একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে অবগত করা হয়।
২০০৩ সালে স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) অভ্র কিবোর্ড নিয়ে আসেন মেহেদি হাসান খান। এরপর দ্রুতই জনপ্রিয়তা পেতে শুরু করে ইউনিকোড ও আনসি যুক্ত বিনামূল্যের এই বাংলা টাইপিং সফটওয়্যারটি। সে সময় বহুল-প্রচলিত বিজয় কিবোর্ডের তুলনায় অভ্র’র মূল সুবিধা ছিল এটি ব্যবহার করে ইন্টারনেটে বাংলা ভাষায় লেখা প্রকাশ করা যেত। কেননা এতে ইউনিকোডের সাপোর্ট ছিল।
পাশাপাশি ওপেন-সোর্স সফটওয়্যার হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ ছিল। অন্যদিকে বিজয় ছিল ক্লোজড-সোর্স- ফলে এটি ফ্রি’তে ব্যবহার করার সুযোগ ছিল না।
অভ্র কিবোর্ডের জনপ্রিয় হয়ে উঠার পেছনে আরেকটি বড় কারণ ছিল ইংরেজি ফোনেটিক অনুযায়ী বাংলায় টাইপ করার সুবিধা। এই সফটওয়্যারটির ‘অভ্র ফোনেটিক’ কিবোর্ড লেআউটের কল্যাণে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বাংলা ভাষাভাষী মানুষ অতি সহজে ও সাবলীলভাবে বাংলায় টাইপ করা শিখে যায়। ফলে ইন্টারনেটে বাংলা ভাষায় কনটেন্টের পরিমাণ দ্রুততার সাথে বৃদ্ধি পায়। বাংলা ভাষায় ব্যক্তিগত ওয়েবসাইট ও ব্লগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়েও অনলাইনে বাংলার ব্যবহার বৃদ্ধিতে অভ্র’র অবদান অনস্বীকার্য।
সার্বিকভাবে অনলাইনে বাংলা ভাষার ব্যবহার ও কনটেন্ট বৃদ্ধিতে মেহেদি হাসানের অভ্র সফটওয়্যারটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র তৈরিতেও অভ্র কিবোর্ড ব্যবহার করে থাকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
