নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষার্থীরা এখন বই পড়ছে না। তারা অ্যাসাইনমেন্ট করছে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি দেখেই প্রশ্নের উত্তর লিখছে, যা শিক্ষায় অশনিসংকেত বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস, ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিককালে ছাত্র-ছাত্রীরা বই পড়া থেকে দূরে চলে এসেছে। তারা বই পড়ে জ্ঞান অর্জন করে অ্যাসাইনমেন্ট তৈরি ও প্রশ্নের উত্তর করছে না। চ্যাটজিপিটির মাধ্যমে অ্যাসাইমেন্ট তৈরি করছে, প্রশ্নপত্রের উত্তর দিতেও খুব বেশি করে এ চ্যাটজিপিটিতে ঝুঁকে পড়েছে। শিক্ষাক্ষেত্রে যা খুবই অশনিসংকেত।
অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, চ্যাটজিপিটি শিক্ষার্থীদের চিন্তা ও চেতনাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। তারা জ্ঞান-বিজ্ঞানে আগ্রহ হারিয়ে ফেলছে। লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমানে এমফিল ও পিএইচডির ক্ষেত্রে চ্যাটজিপিটির ভূমিকা ন্যাক্কারজনক। এসব কারণে আমাদের দেশের উচ্চশিক্ষায় ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে।
এআই’র ওপর দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীজুড়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হৈ চৈ পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও বহুমাত্রিক প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বিশ্বিবদ্যালয়গুলোকে এআই’র উপযোগী করে গড়ে তুলতে হবে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মৌলিক, তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা করে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং কয়েকটি উন্নত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনাটা হচ্ছে। এইচএসসি পাস করার পর মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া এবং মেধাবীদের কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ কারিগরি শিক্ষা গ্রহণ করলে দেশে ও বিদেশে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।
অধ্যাপক আমিনুল বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের ওপর জোর দিতে হবে। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। তাদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণে সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, একটি অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছাত্র-ছাত্রীরা চার বছরের অনার্স কোর্সের মধ্যে তিন বছর অনার্স পড়াশোনা করবে। এক বছর ডিপ্লোমা পড়াশোনা করবে। তাদের দুটি সার্টিফিকেট দেওয়া হবে। একটি হলো অনার্স ও অন্যটি ডিপ্লোমা সার্টিফিকেট। ভবিষ্যত প্রজন্মের কর্মেক্ষেত্র তৈরির জন্য কারিগরি ও পলিটেকনিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করতে হবে।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা: যান্ত্রিক স্বয়ংক্রিয়তার যুগে মানবসত্তা ও মানবিক ক্ষমতার স্বকীয়তা, সুরক্ষা এবং বিকাশ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল সিদ্দিক জোবায়ের।
আলোচক ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
